Logo

সারাদেশ

ফুলবাড়ী মহাসড়ক সড়ক নয়, যেন চাতাল

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৪০

ফুলবাড়ী মহাসড়ক সড়ক নয়, যেন চাতাল


দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে চলছে ধান ও ভুট্টা মাড়াই। মহাসড়কের পাশে রয়েছে সারি সারি খড়রের পালা। আর পুরো মহাসড়কজুড়ে শুকানো হচ্ছে ভুট্টা, ধান ও খড়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর ভুট্টা ও বোরোর মৌসুমে (মে-জুন) সড়কটি কৃষকদের দখলে থাকে। এ সময় মহাসড়কে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়। গত এক সপ্তাহে ছোটবড় অন্তত নয়টি দুর্ঘটনায় দুইজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে গত বছরের এই সময়ে কমপক্ষে ৯ জন দুর্ঘটনায় প্রাণ হারায় এবং অনেকে পঙ্গু হয়ে যায়। দলদলিয়া ডাঙ্গাপাড়া, মহেষপুর, তেঁতুলিয়া, চিলাপাড়া, ভাগলপুর, ভালকা জয়পুর, মহিষবাতান, রসুলপুরসহ ১০টি গ্রামের কৃষকেরা তাদের জমির ধান ও ভুট্টা এই মহাসড়কের ওপর মাড়াই করেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে খড়ের পালা দেওয় হয়েছে। অনেকে যন্ত্র দিয়ে সড়কের ওপর ধান মাড়াই করছেন। মাড়াই শেষ হওয়া খড় ও ধান সড়কের ওপর শুকানো হচ্ছে। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে ছোটবড় যানবাহন।

জিয়ার মোড় এলাকায় কর্মরত কৃষক নূরুল ইসলাম বলেন, এখন কেউ আগের মতো বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখে না। নিরুপায় হয়ে মহাসড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তিনি।

জানা গেছে, ৭ মে বিকেলে মহাসড়কটির মহেষপুর চৌরাস্তা মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ৯ মে আয়শার মোড় এলাকায় দুর্ঘটনায় শরিফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ছাড়া সম্প্রতি সড়কে ভুট্টা শুকানোর কাজ করার সময় নছিমনের ধাক্কায় এক শিশু দুর্ঘটনায় মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, যতটা পারি তাদের বুঝিয়ে বলা হবে। রাস্তা জ্যাম করে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাতে দুর্ঘটনা বাড়বে।

সড়ক ও জনপথ, সড়ক বিভাগ দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী সড়ক উপ-বিভাগ মো. আমানউল্লাহ আমান বলেন, বারংবার নিষেধ করার পরও কেউই কথা শুনছেন না। নিষেধ করা ছাড়া আমরা আর কি করতে পারি।


সড়ক ও জনপথ, সড়ক বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভা ও মাসিক সমন্বয় সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন