ঝিনাইদহের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে ধান শুকাতে গিয়ে তাদের মৃত্যু হয়। সোমবার সকালে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাগান্না গ্রামের
মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্বজনরা জানান, সকাল ৭টার দিকে বাড়িতে
ধান শুকানো ও পরিষ্কারের (ওড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। তিনি একটি ইলেকট্রিক ফ্যানের
সাহায্যে ধান ওড়ানোর চেষ্টা করেন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর চালু না হওয়ায় তিনি ফ্যানটি
পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। ফ্যানটি
তাঁর বুকের ওপর পড়ে। স্বামীকে এ অবস্থায় দেখে বাঁচাতে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও
বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে
দুজনেই মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে
স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর
তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের খবর/এম.আর

