আখক্ষেত থেকে মাথার খুলি উদ্ধার, পাশে ছিল জুতা-পাঞ্জাবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে এক শিশুর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় খুলির পাশ থেকে জুতা ও পাঞ্জাবি পাওয়া গেছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী ঈদগাহ ময়দানের পাশে থেকে এসব উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথমে স্থানীয়রা মাথার কঙ্কাল দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার কঙ্কাল, জুতা ও পুরাতন পাঞ্জাবি উদ্ধার করে।’
ওসি বলেন, ‘ইউনিয়নের ঝাপড়তলী হাফিজিয়া মাদ্রাসা থেকে গত ৩০ নভেম্বর শনিবার নোমান ইসলাম ( ১২) নামে এক বাচ্চা হারিয়ে যায়। গত ১২ ডিসেম্বর তারিখে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরে জানা যাবে প্রকৃত ঘটনা।
আবু সালেহ/এমজে

