Logo

সারাদেশ

অল্প সময়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১৫:৪১

অল্প সময়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

অল্প সময়ের মধ্যে ঘরমুখী মানুষের ঈদযাত্রা এবং পশুবাহী পণ্য পরিবহন নির্বিঘ্ন করার বিষয়টি চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তবে মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করেই এবারের ঈদযাত্রা স্বস্তির হবে এবং তা করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শেখ রবিউল আলম বলেন, ‘সড়কসংশ্লিষ্ট যতগুলো সেক্টর রয়েছে সবার সঙ্গে আমরা বৈঠক করেছি। কিছু কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। তারপরও এত বিশাল পরিমাণ মানুষ এবং কোরবানির পশু পরিবহন একটা চ্যালেঞ্জের বিষয়।’

মন্ত্রী বলেন, ‘মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশুকে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদ যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়। আমি মনে করি সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে নিশ্চিত করতে পারব।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে হওয়া বাঞ্ছনীয়। সেই লক্ষ্যে কাজ হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক প্রস্তুতিও চলছে। এটি অগ্রাধিকার পাবে কারণ এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। মহাসড়ক বিভাগের মহাপরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে ৮ লেনে উন্নীত করার জন্য ৪০০ কিলোমিটার মহাসড়ক টার্গেট করা হয়েছে, ৬ লেনে উন্নীত করার জন্য রয়েছে ৬০০ কিলোমিটারের মতো রাস্তা, ৪ লেনে উন্নীত করার জন্য রয়েছে এক হাজার কিলোমিটার রাস্তা। আমরা আমাদের মেয়াদের মধ্যে যেগুলো শেষ হবে সেগুলো শেষ করতে চাই আর যেগুলো শেষ হবে না সেগুলো বড় প্রস্তুতি নিয়ে শুরু করতে চাই।’

এর আগে, কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করে। এর মধ্যে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহতের পরিবার এই ক্ষতিপূরণের চেক পান। 


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন