টাংগুয়ার হাওরে হাউজবোটকে অর্থদণ্ড, সাউন্ড বক্স জব্দ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:৫৫
মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত টাংগুয়ার হাওরের পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।
গত রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত
হাওরের পরিবেশ বজায় রাখতে হাওরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার দিন থেকে
শুরু করে মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে উচ্চ শব্দে
সাউন্ড বক্স গান বাজিয়ে বন্যপ্রাণী, পাখি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন করা, হাওরের
পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্টের অভিযান
পরিচালিত হয়। অভিযান চলার সময় পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের হাওরের পরিবেশ সংরক্ষণে
সচেতন থাকার পাশাপাশি উচ্চ শব্দে হাওর ও নদী পথে গান বাজানো থেকে বিরত থাকাসহ যত্রতত্র
প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী
হাসান মানিক বলেন, হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোর ভাবে দমন করা হবে।
বাংলাদেশের খবর/এম.আর

