Logo

সারাদেশ

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:১২

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। 

নিহত পাঁচ জনের মধ্যে চারজন একই পরিবারের। আরেকজন প্রাইভেটকারের চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) এবং অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক (২৫)। আহত শিশুরা হলো- আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী দুইজনকে  উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় আরও একজন মারা যান। 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন