Logo

সারাদেশ

চোখে আলো নেই, তবু থেমে নেই জীবন

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৪১

চোখে আলো নেই, তবু থেমে নেই জীবন


জন্ম থেকেই দৃষ্টিহীন। চোখে আলো না থাকলেও জীবনের পথচলায় থেমে যাননি তিনি। দৃঢ় মনোবল ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এগিয়ে চলেছেন ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সুফিয়ান (৩৩)। দৃষ্টিশক্তির অভাবকে কখনো দুর্বলতা হতে দেননি। বরং গত ১৫ বছর ধরে নিজের ভ্রাম্যমাণ চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহের পাশাপাশি আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করছেন। চরফ্যাশন কলেজ রোডের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় ভ্যানগাড়ির ওপর গড়ে তোলা ছোট্ট দোকানটি প্রতিদিনই ক্রেতাদের ভিড়ে মুখর থাকে। সকালে সেখানে গিয়ে দেখা যায়, টিউবওয়েল থেকে পানি এনে নিজেই চা তৈরি করছেন সুফিয়ান। ক্রেতারা চা, পান, সিগারেট কিংবা বিস্কুট চাইলে বিন্দুমাত্র ভুল না করে হাতে তুলে দেন প্রয়োজনীয় পণ্য।

সুফিয়ান বলেন, “জন্ম থেকেই দেখতে পাই না। মা-বাবার মুখও কোনো দিন চোখে দেখা হয়নি। শুধু কণ্ঠস্বর আর স্পর্শের মাধ্যমেই মানুষকে চিনেছি। চোখে দেখতে না পারলেও জীবন থেমে থাকে না। তাই ১৮ বছর বয়স থেকেই চায়ের দোকান করছি।”

ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। বিয়ের কয়েক বছর পর স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তবে সন্তানদের দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াননি।তিনি বলেন, “আমার দুই সন্তান আছে। ওদের মুখ দেখতে না পারলেও বাবা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।”প্রতিদিন লাঠির সাহায্যে পথ চিনে বাড়ি থেকে দোকানে আসেন সুফিয়ান। তার দোকানে দৈনিক ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এতে প্রায় ২০০ টাকা লাভ থাকে। সেই আয় দিয়েই চলছে তার মা, সন্তান ও বোনের সংসার।

পাশের ব্যবসায়ী মো.মান্নান  বলেন, “চোখে দেখতে না পেলেও দোকান পরিচালনায় তার দক্ষতা ও সততা সত্যিই প্রশংসনীয়। টাকার নোট স্পর্শ করেই তিনি মূল্য বুঝতে পারেন। আমরা সবাই তাকে সম্মান করি।” স্থানীয় বাসিন্দা সুবজ মিয়া বলেন, “দৃষ্টিহীন হয়েও তিনি পরিবারের ভরণপোষণ করছেন। এমন সংগ্রামী মানুষদের পাশে সমাজের সবাইকে দাঁড়ানো উচিত।”

চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন জানান, “আবু সুফিয়ানকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তার চায়ের দোকানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে।” দৃষ্টিশক্তি না থাকলেও জীবনের পথ খুঁজে নিতে থেমে থাকেননি আবু সুফিয়ান। চায়ের দোকানের ধোঁয়া আর গরম পানির শব্দের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন আত্মসম্মান, সংগ্রামের শক্তি এবং বেঁচে থাকার প্রেরণা।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন