Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, লাশ নিয়ে থানা ঘেরাও

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৬:১৬

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, লাশ নিয়ে থানা ঘেরাও

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত শ্রমিক যুবায়েরের (২০) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা ঘেরাও এবং লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

একই সঙ্গে ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ রানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

রোববার (৭ জুন) বাদ এশা নিহতের স্বজন ও এলাকার শত শত নারী-পুরুষ যুবায়েরের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বন্দর থানা ঘেরাও করেন। এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, অভিযুক্ত এসআই মাসুদ রানাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পরে এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে যুবায়েরের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই মাসুদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এলাকাবাসীর পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতা নাসির উল্লাহ টিপু পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশের রদবদলের দাবি জানান। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে যুবায়ের গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মানিক, নাক্কি সজিবসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে যুবায়ের বাধা দেন। একপর্যায়ে ওইসব ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে যুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন