গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়নে দায়ে আটকে পুলিশে সোপর্দ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:২৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া
উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি এই ঘটনা ঘটে। অভিযুক্ত মঞ্জু স্থানীয় একটি রেস্টুরেন্টে
কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের
বাসিন্দা হলেও তার পরিবার বর্তমানে নারায়ণগঞ্জে বসবাস করছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে
জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ
দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মঞ্জু সেখানে যায়। অভিযোগ রয়েছে, সে পানি খাওয়ার অজুহাতে
শিশুটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ঘটনাটি
শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে উত্তেজিত
স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যদিকে, অভিযুক্ত মঞ্জু অভিযোগ অস্বীকার
করে বলেন, তিনি সকালে ডিউটি শেষে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা দেখে
নাম জানতে চাইলে স্থানীয়রা ভুল বুঝে তাকে মারধর করে। তিনি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের
সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ
(তদন্ত) মো. সাব্বির আহমেদ বলেন, ঘটনার পর পুলিশ অভিযুক্তকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার
করে চিকিৎসা দিয়েছে এবং থানায় হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত
করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটনের
দাবি জানিয়েছেন।
বাংলাদেশের খবর/এম.আর

