Logo

সারাদেশ

২ লক্ষাধিক ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

অ
২ লক্ষাধিক ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর শুক্কুর (২১) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু নাফফোরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সালেহ আহমেদ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের রাখাইন থেকে নাফনদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সতর্ক অবস্থানে ছিল। রাতের এক পর্যায়ে নাফনদী সাঁতরিয়ে বস্তা কাঁধে দুই ব্যক্তিকে বেড়িবাঁধের দিকে আসতে দেখা যায়।

কর্নেল আশিকুর আরও জানান, বিজিবির টহল দল তাদের আটক করার চেষ্টা করলে একজন বস্তা ফেলে পালিয়ে যায়। তবে অন্যজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। পরে তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুর শুক্কুর জানান, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত।

আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন