Logo

সারাদেশ

দুইবার স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক ফেনীর শামসুল হুদা আর নেই

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:৪৬

দুইবার স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক  ফেনীর শামসুল হুদা আর নেই

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুইবার স্বর্ণপদক প্রাপ্ত ফেনীর দাগনভূঞার বিশিষ্ট শিক্ষাবিদ, গজারিয়া হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম শামসুল হুদা (৮০) আর নেই। 

শুক্রবার ভোর ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। তাঁর স্থায়ী নিবাস ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোল্লা বাড়ি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ আসর সোনাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি এলাকায় শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে অসামান্য অবদান রাখেন। গজারিয়া হাই স্কুল ও চৌধুরীর হাট বি. জামান হাই স্কুলে তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন আজও শিক্ষাঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। স্কুলের দায়িত্ব পালনকালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষা প্রশাসন থেকে দুইবার স্বর্ণপদক লাভ করেন। 

তার মৃত্যুতে জায়লস্কর ইউনিয়নসহ সমগ্র দাগনভূঞা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গুণী শিক্ষক একেএম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে গজারিয়া হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ এক শোকবার্তায় বলেন, “শামসুল হুদা স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর অবদান গজারিয়া হাই স্কুলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

বিতে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন