আর্জেন্টিনার জার্সি পরলেই চিকিৎসকের ভিজিট অর্ধেক!
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২১:১৮
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার চিকিৎসক ডা. সুমন রায়। বিশ্বকাপ চলাকালীন তার চেম্বারে কোনো রোগী আর্জেন্টিনার জার্সি পরে আসলে নির্ধারিত ভিজিট ৫০০ টাকার পরিবর্তে রাখা হচ্ছে মাত্র ২৫০ টাকা।
গত বৃহস্পতিবার বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের ‘হেলথ এইড মেডিকেল সেন্টারে’ গিয়ে এই অভিনব উদ্যোগের সত্যতা পাওয়া যায়। প্রথম দিনেই বেশ কয়েকজন ফুটবলপ্রেমী রোগী এই বিশেষ ছাড়ের সুবিধা নিয়েছেন। উদ্যোক্তা ডা. সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক এবং কাশিয়ানী আইএইচটি-র ভারপ্রাপ্ত অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক এই চিকিৎসক জানান, ফুটবল বিশ্বকাপের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তবে এই ছাড়ের কারণে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না বলেও তিনি নিশ্চিত করেন।
বিকে/মান্নান

