হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর
মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৮:৪৭
সংগৃহীত
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
জানা যায়, রোববার (১৪ জুন) রাতে নবনিযুক্ত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিলে সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতাও দেখা দেয়। এ কারণে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের মতে তিনি আশঙ্কামুক্ত আছেন।
বাংলাদেশেরখবর/আরকে

