সাগরপথে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল নৌ-ঘাট দিয়ে সাগরপথে শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন। রোববার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাছ ধরার একটি ট্রলারে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম সিআইপি জানান, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল নৌ-ঘাটে একটি ট্রলারে করে রোহিঙ্গারা এসে পৌঁছান। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারীদের মধ্যে ৫ জন নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ রয়েছেন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয়।
অনুপ্রবেশকারী রোহিঙ্গা যুবক মো. আরেজ (২৫) জানান, মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় তাদের গ্রামে ‘মগ বাগি’ আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। জীবন বাঁচাতে তারা একটি কাঠের নৌকায় করে ৪ দিন আগে বাংলাদেশে পাড়ি জমান। তবে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় অন্য একটি ট্রলার তাদের টেনে এনে বিজিবির কাছে হস্তান্তর করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি তিনি শুনেছেন। এ নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকারী ৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
ইব্রাহীম মাহমুদ/এমবি/এনআর/

