Logo

সারাদেশ

সেলাই মেশিনে ভাগ্য বদলের স্বপ্ন: শিবপুরের ৩০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

Icon

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:৩২

সেলাই মেশিনে ভাগ্য বদলের স্বপ্ন: শিবপুরের ৩০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

গত শনিবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, বরং নতুন করে জীবন গড়ার অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে তিন সন্তানকে নিয়ে সংগ্রাম করে চলা এই নারীর হাতে এখন এসেছে আত্মনির্ভরশীল হওয়ার নতুন সুযোগ। তাঁর মতো নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন অসচ্ছল নারী তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। তাঁদের প্রত্যাশা, এই উদ্যোগই বদলে দেবে তাঁদের পরিবার ও সন্তানের ভবিষ্যৎ।

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শনিবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের মধ্যে সনদপত্র, ফলজ ও ঔষধি গাছের চারা এবং বই বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

স্বামী হারানোর পর সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় জুলেখা আক্তারকে। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় সন্তানদের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো ছিল তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জ। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন এখন তাঁর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করে উপকারভোগী সানজিদা আক্তার বলেন, “আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাইয়ের কাজ শিখেছি। এখন মেশিন হাতে পাওয়ার পর নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারব এবং পরিবারের দায়িত্বও ভাগ করে নিতে পারব। এজন্য বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিন তাঁদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তাঁরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। তিনি জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, অসচ্ছল নারীদের কর্মমুখী ও স্বনির্ভর করে তোলার এই উদ্যোগ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ভবিষ্যতেও শিবপুরে বসুন্ধরা গ্রুপের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ শুধু ৩০ জন নারীর হাতে কর্মসংস্থানের সুযোগই তুলে দেয়নি, বরং তাঁদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও সম্ভাবনার নতুন দিগন্তও উন্মোচন করেছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন