Logo

সারাদেশ

রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, আরেক মেয়ে আশঙ্কাজনক

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৩২

রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, আরেক মেয়ে আশঙ্কাজনক

লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। 

এ ঘটনায় আহত মেজ মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় থাকেন। সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকেও উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় উত্তেজিত জনতার ইটপাটকেলে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে। 

কী কারণে ঘটনাটি ঘটেছে এবং ঘটনার সঙ্গে আরও অন্য কেউ জড়িত কিনা তা জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহীনুর তার সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়। 

তিনি জানান, অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছোড়ে। এতেপুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন