Logo

সারাদেশ

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২০:২৫

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিকআপ আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত স্কুল ছাত্র ২৫০ শয্যা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন