হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৮
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে হেনস্তা এবং ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার পর ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করলে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ। সেইসঙ্গে তার কাছ থেকে নেওয়া ২ লাখ টাকাও ফেরত দেওয়া হয়।
গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নয়নপুর হানু মার্কেট এলাকার নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে আটক করেন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। ব্যবসায়ীর অভিযোগ, তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে গিয়ে হাতকড়া পরিয়ে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়। এসময় তার কাছ থেকে ২ লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় পুলিশ।
ভুক্তভোগী সবুজ সরকার উপজেলার ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে।
তিনি জানান, তার চাচা সুলতান সরকারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে, যার কারণে পুলিশ তাকে হয়রানি করেছে। সবুজ আরও বলেন, ফাঁড়িতে আটক অবস্থায় তিনি মোবাইল ফোন দিয়ে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় সংবাদটি ছড়িয়ে পড়লে পুলিশ সবুজকে ছেড়ে দেয় এবং ছিনতাই করা ২ লাখ টাকা তার মায়ের কাছে ফেরত পাঠায়।
এদিকে, চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস ঘটনার সাথে সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সবুজকে আটক করা হয়েছিল, তবে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়নি। জমি-সংক্রান্ত বিরোধের কারণে তাকে আটক করা হয়েছিল। তবে টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’
এটিআর/

