Logo

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে পাহাড় ধসে নারী-শিশুসহ নিহত ৮

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০৯

রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে পাহাড় ধসে নারী-শিশুসহ নিহত ৮

কক্সবাজারের উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

‎সোমবার (৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ে। গভীর রাতে আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে একাধিক বসতঘরের ওপর।

‎এতে ঘুমন্ত অবস্থায় কয়েকজন মাটিচাপা পড়েন। ঘটনার পরপরই ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন এবং পরে ক্যাম্প প্রশাসন ও উখিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন।

‎খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্প প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। 

‎দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে হুমায়ারা বেগম ও আনাসের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

‎বাকি দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া একই পরিবারের আরও একজন সদস্য নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

‎উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, ‘ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের অভিযান এখনও চলমান রয়েছে।

‎ক্যাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেয়। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যাম্পবাসীদের সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।

‎উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, ক্যাম্প প্রশাসন-রোহিঙ্গাদের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন