রেললাইনে পানি, চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৮:১৯
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামে আটকে আছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের ষোলশহরে ট্রেনটি আটকে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে আজ সকাল সোয়া ৬টায় ট্রেনটি যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়। পর্যটক এক্সপ্রেসের বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল।
ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম বলেন, ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি যাবে কক্সবাজারে।
জানা যায়, ষোলশহর স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর ট্রেন চালক রেললাইন পানিতে ডুবে থাকতে দেখেন। ফলে ঝুঁকি নিয়ে ট্রেনটি আর সামনের দিকে এগোয়নি। পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সে হিসাবে, সোমবার বিকেল ৩টা থেকে ২৪ ঘণ্টায় ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখল বন্দরনগরী। প্রবল এই বর্ষণের মধ্যে জোয়ারের কারণে নগরীর আরো কিছু এলাকা তলিয়ে গেছে। পানি উঠেছে অন্তত তিনটি সড়কে।
বাংলাদেশের খবর/আরইউ

