Logo

সারাদেশ

প্রতিমন্ত্রী টুকু

১৭ বছর দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে ফ্যাসিস্ট সরকার

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২০:৫৭

১৭ বছর দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত   করেছে ফ্যাসিস্ট সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, টিকিট কেটে মানুষ খেলা দেখতে আসত। কিন্তু গত ১৭ বছর অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। বর্তমান সরকার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।

শনিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসার ঘটাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলা নিয়ে কোনো বিদ্বেষমূলক আচরণ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সবাই আনন্দের সঙ্গে খেলা উপভোগ করবে।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। তাই টাঙ্গাইলে আরও বেশি খেলাধুলার আয়োজন করা হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্সসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশগ্রহণ করছে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে পাঁচজন বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল উপজেলার মুখোমুখি হয়। একই দিনে জেলার বিভিন্ন ভেন্যুতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৩ জুলাই দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং আগামী ১ আগস্ট টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলামের উদ্যোগে টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। একসময় দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অংশগ্রহণে টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সর্বশেষ ২০১৫ সালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিকে/মান্নান  


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন