Logo

সারাদেশ

চট্টগ্রামে এলজিইডির নতুন দায়িত্ব পেলেন জামাল উদ্দিন

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:০৪

চট্টগ্রামে এলজিইডির নতুন দায়িত্ব পেলেন জামাল উদ্দিন


চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। নতুন আদেশে জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন। একই সঙ্গে বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে বদলি করে এলজিইডির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এলজিইডির সর্বশেষ প্রশাসনিক আদেশে এই পরিবর্তন কার্যকর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামাল উদ্দিন এতদিন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেষণ প্রত্যাহার করে তাকে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, আব্দুল মতিনকে ঢাকার এলজিইডি সদর দপ্তরের নগর ব্যবস্থাপনা ইউনিটে নগর পরিকল্পনাবিদ হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন কর্মস্থলে তিনি নগর উন্নয়ন ও পরিকল্পনা-সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামে সড়ক, সেতু, গ্রামীণ অবকাঠামো ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এলজিইডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্বাহী প্রকৌশলীর পদে এই পরিবর্তনকে প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের গতি, টেন্ডার ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে কয়েকটি ঠিকাদার সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিলেও বদলির সরকারি আদেশে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ নাকি অন্য কোনো কারণে হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে আরও সমন্বয় ও গতি আসবে। একই সঙ্গে প্রকল্প তদারকি, কাজের মান নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন