Logo

সারাদেশ

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পোটানো সেই যুবদল নেতা বহিষ্কার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২০:৩৪

কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পোটানো সেই যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শালিখায়  ২০০ জনের কৃষি প্রণোদনা দাবির পর না পেয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ায় উপজেলা যুবদল সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে যুগ্ম সাধারণ সম্পাদক(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার এবং তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যেও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই রেকর্ডে শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে একজন ব্যক্তিকে হুমকি দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘আপনার অসুস্থতা আমি সারে, অর্থাৎ সারিয়ে দিবানে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আপনি অফিসে আসেন, কালকে দেখে নেন। ভালো করে ঝুলায়ে বাড়োবানে (পেটাব)।’ রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান সাংবাদিকদের বলেন, ভাইরাল হওয়া কন্ঠ আমার না।এটা এ আই  দিয়ে তৈরি করা হতে পারে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে  প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১ জুলাই শালিখা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ রায়কে মোবাইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নের বিরুদ্ধে। নয়ন ওই কর্মকর্তার কাছে ২শ’ জনের কৃষি প্রণোদনার দাবি করে একটি তালিকা দেন। কিন্তু তার দেওয়া তালিকা থেকে দেড়শ জনের নাম নির্বাচন করা হয়। এ ঘটনায় নয়ন ক্ষুব্ধ হয়ে কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন।  বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শনিবার তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। 

এদিকে ঘটনাটি নিয়ে মাগুরা জেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন