Logo

সারাদেশ

আশুলিয়ায় তিতাসের অফিস ঘেরাও

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

অ
আশুলিয়ায় তিতাসের অফিস ঘেরাও

ছবি : বাংলাদেশের খবর

আবাসিক গ্যাস সংযোগে গ্যাস সরবরাহ না থাকার অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আশুলিয়া জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ডেন্ডাবরের গ্রাহকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে আশুলিয়ার ডেন্ডাবর আমার স্কুল এলাকা থেকে ‘শান্তিপূর্ণ মানববন্ধন’ লেখা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে বাইপাইল তিতাস গ্যাসের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানান, আমরা প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল দিয়ে যাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। একাধিকবার আমরা তিতাস গ্যাসের কতৃপক্ষের নিকট গিয়েছি, তাও সমাধান পাইনি। পরে তারা আমাদেরকে একজন কন্ট্রাক্টরের সাথে যোগাযোগের কথা বলেন। আমরা ওই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের নিকট ৩০ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিলে গ্যাস সরবরাহ ঠিক হবে। টাকা না দিলে তিনি কিছু করতে পারবেন না বলে আমাদের জানান। পরে আমরা বাধ্য হয়ে আজকে মিছিল নিয়ে বাইপাইল গ্যাস অফিসে এসেছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা গ্যাস অফিসে তালা দেব। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।

এ সময় তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। পরে তিনি উপস্থিত গ্রাহকদের বিষয়টি আজকের মধ্যেই গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে সবাই ফিরে যান।

হাসান ভুঁইয়া/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন