Logo

সারাদেশ

পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাকবলিত ৫০ পরিবারকে মানবিক সহায়তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৭:৪৯

পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাকবলিত ৫০ পরিবারকে মানবিক সহায়তা

ছবি: সংগৃহীত

সারা দেশের মতো চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ও ছনহারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দুর্যোগের শুরু থেকেই পটিয়া উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা জনসচেতনতামূলক কার্যক্রম, উদ্ধার তৎপরতায় সহায়তা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক দুর্যোগকালীন সকল আনসার ও ভিডিপি সদস্যকে উদ্ধার, পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তার সেই আহ্বানের প্রতিফলন হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো পটিয়াতেও আনসার-ভিডিপি সদস্যরা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

প্রতিটি দুর্যোগে সাহসিকতা, প্রতিটি সংকটে দায়িত্বশীলতা, প্রতিটি মানবিক উদ্যোগে মানুষের নির্ভরতার নাম–বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এমনটিই বলছেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন