Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টি পাথর জব্দ, আটক ২

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৪৩

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৭  কেজি কষ্টি পাথর জব্দ, আটক ২

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর, দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

অভিযানে আরও দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথর ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া সীমান্তের নিরাপত্তা, সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন