মুহতামিমের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২০:৪১
ছবি: সংগৃহীত
উম্মুল কুরা মহিলা মাদরাসার মুহতামিম (পরিচালক) মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ মোড়ে উম্মুল কুরা মহিলা মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ময়মনসিংহের উলামায়ে কেরাম ও সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে একদল অস্ত্রধারী ব্যক্তি মাদরাসায় প্রবেশ করে মাওলানা সাইফুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালায়। অথচ এই ন্যক্কারজনক ঘটনার পরদিন উল্টো পরিচালকের বিরুদ্ধেই কোতোয়ালী থানায় একটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়। ঘটনার কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই এমন হয়রানিমূলক পদক্ষেপের কারণে মাদরাসার দীর্ঘদিনের সুনাম, শিক্ষা কার্যক্রম এবং একজন সম্মানিত আলেমের ব্যক্তি-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উস্কানি দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ৪টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়-
১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
২. তদন্তে অভিযোগের ভিত্তি না পাওয়া গেলে দ্রুত মামলা প্রত্যাহার করে মাওলানা সাইফুল ইসলামকে মুক্তি দিতে হবে।
৩. ২ জুলাই মাদরাসায় হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
৪. মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা দেশের গণমাধ্যম, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংহতি প্রকাশের আহ্বান জানান। কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লেখ, গত দুই জুলাই মুহতামিমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ময়মনসিংহের উম্মুল কুরা মহিলা মাদরাসায় হামলা করে একটি মহল। আতঃপর মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে। এরপর একদিন থানায় রেখে পরদিন বাদির মামলার ভিত্তিতে জেল হাজতে প্রেরণ করা হয় মুহতামিমকে।
বাংলাদেশের খবর/আরইউ

