Logo

সারাদেশ

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:৫১

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তিনি জোর দিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করতে হবে, যাতে জনগণের আস্থা অর্জন করা যায়।

রোববার (২ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে মানুষ যেন সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের মৌলিক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছিল গত ১ ফেব্রুয়ারি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘সেরা প্রবেশনার’ ও ‘মাঠ কার্যক্রমে সেরা’ বিভাগে পুরস্কার লাভ করেন।

এ ছাড়া ‘সেরা একাডেমিক’ পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘সেরা শুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন