Logo

সারাদেশ

সুনামগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীর হামলায় বিএনপির ১৫ কর্মী আহত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০০:২৭

সুনামগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীর হামলায় বিএনপির ১৫ কর্মী আহত

হামলায় আহত কয়েকজন, ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীর হামলার ঘটনায় বিএনপির ১৫ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় মঙ্গলবার (৪ আগস্ট) শান্তিগঞ্জ থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। 

এতে প্রধান আসামী করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট রইস উদ্দিনের ভাতিজা সুজন মিয়াকে। এজাহারের বাদী মো. মহিদুজ্জামান।

তার অভিযোগ গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে কাজ করা কয়েকজন ব্যক্তি পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা মো. কয়সর আহমেদের নির্বাচনী কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকেই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বাদীর দাবি, সোমবার দুপুর আড়াইটার দিকে শান্তিগঞ্জে তার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিদুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলার সময় তারা প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম বলেন, হামলার ঘটনায় একটি এজাহার জমা পড়েছে। তবে এখনো মামলা রেকর্ড করা হয়নি। মামলা হলে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন