Logo

সারাদেশ

‎শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:১৫

‎শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদক ব্যবসায় যারা মূলহোতা তাদের তালিকা  টাস্কফোর্স তৈরি করবে। তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত  ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার কারণে যুবসমাজ মাদকাসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। মাদকের প্রসার রোধ করা বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার।

‎কক্সবাজার জেলায় সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিয়ে মাদক প্রতিরোধে গঠিত বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্তগুলো স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেন। 

‎তিনি জানান, মাদক চোরাচালানে ব্যবহৃত রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। সমতলের পাশাপাশি জলপথেও নেভি-কোস্টগার্ডের টহল জোরদার থাকবে। মাদক চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করছে তাদেরকেও চিহ্নিত করা হবে।

‎সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

‎এর আগে সন্ধ্যায় দুই দিনের সরকারি সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। 

‎সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন করবেন। পরে কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করবেন। এরপর কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে তিনি হিল ডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। 


‎বাংলাদেশের খবট/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন