Logo

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

গফরগাঁওয়ে ট্রেনের চার বগি লাইনচ্যুত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:১৫

গফরগাঁওয়ে ট্রেনের চার বগি লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন–সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। এটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেলপথ সচল করতে কাজ শুরু হবে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন তলব করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন