Logo

সারাদেশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০ প্রতিষ্ঠান

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২০:৪১

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০ প্রতিষ্ঠান

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় এবারের ফলাফলে তলানিতে রয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পাসের সার্বিক হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশে, যেখানে বরাবরের মতোই এগিয়ে রয়েছে ছাত্রীরা। পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ উভয় সূচকেই ছেলেরা মেয়েদের পেছনে পড়েছে। এই বিপর্যয়কর ফলাফলের মধ্যেও আলো ছড়িয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানকার শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে ফলাফলের চরম বিপর্যয় ঘটিয়ে ০% পাসের খাতায় নাম লিখিয়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে। শতভাগ পাসের গৌরব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসে ভেসে গেলেও, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা মনে গভীর কষ্ট ও ক্ষোভ নিয়ে সময় পার করছেন।

বোর্ডের প্রকাশিত তথ্যসূত্রে শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরের স্বনামধন্য বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, আইডিয়াল মডেল একাডেমি এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল।

এছাড়া ফুলবাড়ীয়ার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, ভালুকার নলুয়াকুড়ি কুমারী মারিয়া উচ্চ বিদ্যালয়, জামালপুরের ইসলামপুরের উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ীর চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনার কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এই সাফল্যের তালিকায় স্থান করে নিয়েছে। এসব প্রতিষ্ঠানের অনন্য কৃতিত্বে আনন্দিত সংশ্লিষ্ট সবাই।

তবে মুদ্রার উল্টো পিঠে উঠে এসেছে ৪টি প্রতিষ্ঠানের চরম ব্যর্থতার চিত্র, যেখানে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পায়নি। শতভাগ ফেল করা বা শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— জামালপুরের সরিষাবাড়ীর চাপার কোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়ীয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুরের ইসলামপুরের কদমতলী কারীপাড়া উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন