Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাবার দেওয়া তথ্যেই গ্রেপ্তার ছেলে

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:৪৫

ঠাকুরগাঁওয়ে  বাবার দেওয়া   তথ্যেই গ্রেপ্তার ছেলে


ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী মো. আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার গভীর রাতে সদর থানা পুলিশ সেনুয়া ব্রিজ এলাকার বউবাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তার জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউবাজারের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন