কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২০:৫০
ঢাকার কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
আজ সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী আতাসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরীফুল ইসলাম কালাম নামে এক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে শরীফুল ইসলাম কালাম জানান, কালিন্দী আতাসুর কাজীরগাঁও মৌজায় তার ক্রয়কৃত ব্যক্তিগত জায়গায় বাউন্ডারি নির্মাণের জন্য কামরুল ইসলাম (৩৫) ও তার ম্যানেজার শাহীন (৫০) ইট-বালু সরবরাহ করতেন। তবে ইট-বালু সরবরাহে অনিয়মের অভিযোগে তিনি তাদের কাছ থেকে মালামাল নেওয়া বন্ধ করে অন্য একজনের কাছ থেকে ইট-বালু নেওয়া শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামরুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি আহত হয়েছেন দাবি করে জানান, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
তবে অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন কামরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত তিনি কয়েকটি স্থাপনায় ইট-বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী সরবরাহ করেছেন। তার দাবি, এখনো তিনি প্রায় ৮-১০ লাখ টাকা পাবেন। হিসাব-নিকাশ শেষ না করে কি ভাবে অন্যের কাছ থেকে কি ভাবে মালামাল প্রদান করে প্রশ্ন রাখেন তিনি? তিনি বলেন কথা কাটাকাটির একপর্যায়ে তার ম্যানেজারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। আমি পরে শুনেছি।
কামরুল ইসলাম বলেন, তার সরবরাহ করা মালামালের মান নিয়ে কোনো অভিযোগ থাকলে তাকে জানালে তিনি বিষয়টি সমাধান করতেন। তার অভিযোগ, শরীফুল ইসলাম কালাম তার ম্যানেজারকে মারধর করেছেন এবং পরে উল্টো সে ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, “বিষয়টি সত্য না মিথ্যা, পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমরা তা মেনে নেব।”
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ইট-বালু কেনাবেচাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক পক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিকে/মান্নান

