ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৩৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় স্টার নিউজকে বিষয়টি জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে যানবাহনের গতি, ভুল পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় শনাক্ত হওয়া অপরাধের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, ‘মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আরও বাড়ানো হলে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে। ইতোমধ্যে সেটির প্রভাব পড়তে শুরু করেছে।’
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার যাত্রা শুরু হয়। এতে মহাসড়কের ২৫০ কিলোমিটারে লাগানো হয়েছে ১৪২৭টি ক্যামেরা।
বিকে/মান্নান

