Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

তিন পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:৩৩

তিন পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ)।

বুধবার (১৯ আগস্ট) রাতে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইনসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সর্বাধিক গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইনস গেটে ও কম্পাউন্ড ডিউটিতে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তবে প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্যের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইনসে পুলিশ সদস্য এবং পাশেই অবস্থিত জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে রাত ২টার দিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ। বৈঠকে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

বৈঠকে মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভবিষ্যতে পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করাসহ কয়েকটি দাবি জানানো হয়। পুলিশ সুপার শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন