Logo

সারাদেশ

যশোরে আনসার-ভিডিপির তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৭:১৫

যশোরে আনসার-ভিডিপির তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ

ছবি: সংগৃহীত

যশোর জেলার মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে  এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। 

গত ২৯ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ডাঙ্গামহিষদিয়া গ্রামের হাবিবুর রহমানের ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক স্কুলপড়ুয়া কন্যার সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের কাদের আলীর পুত্র প্রবাসী মো. হাসান আলীর বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এই অনৈতিক ও বেআইনি আয়োজনের সংবাদ পেয়ে ১৫ নং কুলটিয়া ইউনিয়ন দলনেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন নিবেদিতপ্রাণ আনসার-ভিডিপি সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং দ্রুত সেখানে পৌঁছান।

ঘটনাস্থলে পৌঁছে আনসার-ভিডিপি সদস্যরা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন এবং বাল্যবিবাহের আইনি পরিণতিসহ অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ের ফলে কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনের ওপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের বিস্তারিত বোঝান। তাদের আন্তরিক ও দায়িত্বশীল প্রচেষ্টায় উভয় পক্ষ বাল্যবিবাহের আইনগত ঝুঁকি অনুধাবন করে বিয়ের আয়োজন বন্ধ করতে সম্মত হয়। 

পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোনো অবস্থাতেই বিবাহ দেওয়া হবে না মর্মে মুচলেকা ও লিখিত অঙ্গীকার ব্যক্ত করা হয়। এর মাধ্যমে একজন সম্ভাবনাময় মেধাবী স্কুলছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের এই প্রশংসনীয় উদ্যোগ, তাৎক্ষণিক তৎপরতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের কার্যক্রম দেশব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করছে। জনগণের সঙ্গে সমন্বয় করে সামাজিক অনাচার প্রতিরোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়ত তারা নিরাপদ, সচেতন ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন