Logo

সারাদেশ

বগুড়ায় ড্রেন সংস্কারের সময় মিলল ৩৩৪ রাউন্ড গুলি

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২১:০৭

বগুড়ায় ড্রেন সংস্কারের সময়  মিলল ৩৩৪ রাউন্ড গুলি


বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কাদা-পানির মধ্যে গুলিগুলো দেখতে পেয়ে শ্রমিকেরা পুলিশকে খবর দিলে  আজ রবিবার  দুপুরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে সাতমাথা এলাকার জিলা স্কুলসংলগ্ন স্থানে ড্রেন সংস্কারের কাজ চলছিল। প্রায় এক মাস ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন সংস্কারের কাজ চলছে। এসময় শ্রমিকেরা ড্রেন খননের সময় কাদা ও পানির মধ্যে কয়েকটি গুলি দেখতে পান। পরে বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচাজ (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে গুলি লুট করা হয়েছিল। ড্রেন থেকে উদ্ধার হওয়া ৩৩৪ রাউন্ড গুলিগুলো ওই সময় লুট হওয়া গুলির অংশ বা মুক্তিযুদ্ধের সময় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন