Logo

সারাদেশ

কক্সবাজারে সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কক্সবাজার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯

অ
কক্সবাজারে সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের জন্য উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অবরোধ কর্মসূচিতে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার কয়েক হাজার মানুষ অংশ নেন। তাদের এ আন্দোলনের কারণে পুরো শহরে অচলাবস্থা তৈরি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বিমানবন্দর সম্প্রসারণের কথা বলে সরকার তাদের বসতভিটা উচ্ছেদের চেষ্টা করছে। তবে তারা তাদের জায়গা ছাড়তে নারাজ। আন্দোলনকারীরা বলেন, সরকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে শহর অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। 

পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনের সময় সমাবেশস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন। এ সময় তিনি বলেন, আন্দোলনকারীদের দেওয়া স্মারকলিপি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আপাতত বিমানবন্দরের সম্প্রসারিত এলাকায় উন্নয়নকাজ বন্ধ রাখতে এবং উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে কয়েক বছর আগে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে খুরুশকুলে বিশেষ আশ্রয়ণ প্রকল্প চালু করেছে সরকার। ইতোমধ্যে কয়েক শ পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ৪ হাজারের বেশি পরিবার পুনর্বাসিত হওয়ার কথা রয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন