শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। শিক্ষার্থীদের নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে বিশেষ এক পর্যবেক্ষণ ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার তার স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশের নির্দেশনায় বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনের নামাজ ট্র্যাকিং কার্যক্রম শুরু হবে। প্রতিদিনের প্রথম ধর্মীয় ক্লাসে শিক্ষক বা সহকারী মৌলভীগণ শিক্ষার্থীদের কাছ থেকে আগের দিনের নামাজ আদায়ের তথ্য সংগ্রহ করে নির্ধারিত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন। মাস শেষে প্রতিটি প্রতিষ্ঠান এসংক্রান্ত একীভূত প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করবে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা অফিসের পক্ষ থেকে নিয়মিত ও বেশি ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।
উদ্যোগটির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নামাজ আদায়ের এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।
বিকে/মান্নান

