পঞ্চগড়ে আনসারের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮
ছবি: সংগৃহীত
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি অভিযানে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। এ সময় হাসপাতালজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য পিসি মো. আতাউর রহমান ও আনসার সদস্য সুকুমার। এ সময় অসতর্কতার কারণে ছয় বছরের শিশু মো. লেদুয়ান হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধারে পুরো হাসপাতাল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।
প্রায় তিন ঘণ্টার নিরলস অনুসন্ধান ও তৎপরতার পর আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে মায়ের চোখে নেমে আসে আনন্দাশ্রু। আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত রোগী, রোগীর স্বজন ও দর্শনার্থীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা আনসার সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালগুলোতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। পঞ্চগড়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তাদের সেই মানবিক দায়িত্ববোধেরই উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশের খবর/আরইউ

