Logo

সারাদেশ

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার আশ্বাসে টাকা আদায়

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার   আশ্বাসে টাকা আদায়


নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ করে দিয়ে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া ইসলাম (২৩) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকায় টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠায়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, সাদিয়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে পৌর শহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার বাদী প্রিয়া আক্তার বলেন, “আমি সহ পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে বিষয়টি প্রতারণা মনে হওয়ায় আমি মামলা করেছি।”

এদিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে সদর উপজেলায় এখনো কোনো সরকারি সিদ্ধান্ত বা কার্যক্রমের কথা তিনি জানেন না। এ ধরনের আশ্বাসে কেউ টাকা চাইলে টাকা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে, জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন। তার ধারণা, সাদিয়া ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারেন। তবে তিনি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও বলেন, সাদিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন