বরগুনার উপকূলের আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত বেলিন তিমি।
বুধবার সকাল ৭টার দিকে তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রাম সংলগ্ন হরিনখোলা বাজারের পাশে আন্ধার মানিক নদীর তীরে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান জানান, তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পঁচনের কারণে দেহটি উল্টে গেছে।
পরিবেশকর্মী আরিফুর রহমান বলেন, সকালে তালতলীর আন্দার মানিক নদীর মোহনায় দেখা গেলেও বেলা ১১টার দিকে তিমিটি গভীর সমুদ্রের দিকে ভেসে যাচ্ছিল। পরে বন বিভাগকে জানানো হয়।
তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মৃত তিমিটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। নমুনা সংগ্রহ শেষে মাটিচাপা দেওয়া হবে।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহমেদ বলেন, এটি বন্যপ্রানী তাই বন বিভাগ এটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্হা করবে।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, এটি বেলিন তিমি। এদের দাঁতের পরিবর্তে বেলিন প্লেট থাকে, যা দিয়ে পানি ছেঁকে ছোট মাছ ও ক্রিল খায়। বঙ্গোপসাগরে এমন তিমির উপস্থিতি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। মৃত্যুর কারণ জানতে দেহ পরীক্ষা প্রয়োজন।
বিকে/মান্নান

