Logo

সারাদেশ

সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০

অ
সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন, জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদ এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার লালমনিরহাট জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান।

সমাবেশে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা দিয়ে কোনোভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদের দাবি, এ মামলা সাংবাদিকদের হয়রানি এবং সত্য ও অনুসন্ধানী সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির অপচেষ্টা।

বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের কারণে কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭১ টেলিভিশনের সাংবাদিক মিলন পাটোয়ারী বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এস আর রতন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা, হয়রানি কিংবা কণ্ঠরোধের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল বলেন, সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সিনিয়র সাংবাদিক গকুল রায় বলেন, স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে কিছু নামধারী হলুদ সাংবাদিক বিভিন্নভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সাংবাদিক হয়রানি ও কলম রোধের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জনস্বার্থে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা আইনি চাপের মুখে ফেলা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন, মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন