Logo

সারাদেশ

তাড়াশের বাঘমারা পদ্মবিল সৌন্দর্যের মায়াজাল

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

তাড়াশের  বাঘমারা পদ্মবিল  সৌন্দর্যের মায়াজাল


ভোরের নরম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারপাশে নিস্তব্ধতা, তার মাঝেই বিস্তীর্ণ জলরাশির ওপর মাথা তুলে ফুটে আছে অসংখ্য পদ্ম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে গোলাপি পদ্মের সারি। দূর থেকে দেখলে মনে হয়, পানির বুকজুড়ে কেউ যেন ছড়িয়ে দিয়েছে রঙিন ফুলের গালিচা। সেই ফুলের রাজ্যের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি নৌকা। নৌকার যাত্রীদের চোখে-মুখে বিস্ময় আর আনন্দ। এমনই মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাখওয়া দিঘী এলাকার বাঘমারা পদ্মবিলে।

বর্ষা এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় বাঘমারা। বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে ওঠা পদ্মফুল আর চারপাশের সবুজের সমারোহে বদলে যায় পুরো এলাকার চিত্র। প্রকৃতির এই অপরূপ আয়োজন দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রকৃতির নির্জন সৌন্দর্যে কিছুটা সময় কাটাতে একাই চলে আসছেন পদ্মবিলে।

বাঘমারা পদ্মবিলের প্রধান আকর্ষণ শুধু পদ্মফুল নয়; পদ্মের রাজ্যের ভেতর দিয়ে নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাও দর্শনার্থীদের কাছে আলাদা আনন্দের। নৌকার বৈঠার ছন্দে যখন নৌকা এগিয়ে যায়, দুই পাশে তখন দুলতে থাকে পদ্মপাতা। কোথাও ফুটে আছে পূর্ণ প্রস্ফুটিত পদ্ম, কোথাও আবার কলি। বাতাসে নড়ে ওঠা পদ্মপাতা আর পানির ঢেউ মিলে তৈরি করে এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ।

বিশেষ করে ভোরের দৃশ্য এখানে সবচেয়ে আকর্ষণীয়। সকালের আলোয় পদ্মফুলের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। নৌকায় বসে বিলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করছেন ছবি ও ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় বাঘমারা পদ্মবিলের পরিচিতিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক বছর আগেও বাঘমারা পদ্মবিলের সৌন্দর্য বাইরের মানুষের কাছে তেমন পরিচিত ছিল না। স্থানীয়দের কাছে এটি ছিল স্বাভাবিক একটি বিলের মতোই। বর্ষায় পদ্মফুলে বিল ভরে উঠলেও সেই সৌন্দর্য সীমাবদ্ধ ছিল স্থানীয় মানুষের মধ্যেই।

সময়ের সঙ্গে সঙ্গে পদ্মবিলের ছবি ও সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়তে থাকে। এরপর থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন। বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে মানুষের আনাগোনা দেখা যায়। ছুটির দিনে ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অনেকেই প্রথমবার পদ্মবিল দেখে মুগ্ধ হন। বিশেষ করে নৌকায় করে বিলের ভেতরে প্রবেশ করলে চারপাশের দৃশ্য তাদের কাছে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করে।

বর্তমান সময়ে শহুরে জীবনের ব্যস্ততা ও কোলাহলের কারণে মানুষ প্রকৃতির কাছে একটু স্বস্তির সময় কাটাতে চায়। বাঘমারা পদ্মবিল সেই সুযোগটিই যেন করে দিচ্ছে। চারপাশে সবুজ, সামনে জলরাশি, পানির ওপর পদ্মের সমারোহ—সব মিলিয়ে এখানে এসে কিছু সময় কাটালে ব্যস্ত জীবনের ক্লান্তি অনেকটাই দূর হয় বলে মনে করেন দর্শনার্থীরা।

এক দর্শনার্থী বলেন, শহরের কোলাহল থেকে দূরে এসে এমন প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো সত্যিই আনন্দের। বিশেষ করে নৌকায় বসে চারপাশে শুধু পদ্মফুল দেখা—এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাঘমারা পদ্মবিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এটি তাড়াশ তথা সিরাজগঞ্জের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌযানের ব্যবস্থা, নির্দিষ্ট ঘাট, বসার স্থান, পরিচ্ছন্নতা, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা গেলে এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়ভাবে ছোট পরিসরে খাবার ও অন্যান্য সেবার ব্যবস্থা গড়ে উঠলে মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে পদ্মবিলের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি রয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপ, ময়লা-আবর্জনা এবং অসচেতন কর্মকাণ্ড যাতে বিলের পরিবেশ নষ্ট না করে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দর্শনার্থী—দুই পক্ষকেই সচেতন হতে হবে।

স্থানীয়দের দাবি, বাঘমারা পদ্মবিলকে শুধু একটি দর্শনীয় স্থান হিসেবে নয়, প্রাকৃতিক সম্পদ হিসেবেও বিবেচনা করা প্রয়োজন। পদ্মফুল ও জলজ উদ্ভিদের পাশাপাশি বিলের পানিতে থাকা বিভিন্ন জলজ প্রাণী ও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তারা বলেন, দর্শনার্থীদের জন্য পর্যটন সুবিধা তৈরি করতে গিয়ে যেন বিলের স্বাভাবিক পরিবেশের ক্ষতি না হয়। বরং প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিতভাবে পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হলে বাঘমারা পদ্মবিল দীর্ঘদিন মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে থাকতে পারে।

চলনবিল অধ্যুষিত তাড়াশের প্রকৃতি এমনিতেই বৈচিত্র্যময়। বর্ষায় জলমগ্ন বিস্তীর্ণ বিল আর শুষ্ক মৌসুমে কৃষির বিস্তৃত প্রান্তর—প্রকৃতির এই রূপবদল এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। সেই বৈচিত্র্যের মধ্যেই বাঘমারা পদ্মবিল যেন আলাদা এক সৌন্দর্যের নাম।

বিলজুড়ে ফুটে থাকা পদ্ম, সবুজ পাতার বিস্তার, নৌকার ধীর গতি আর নির্মল বাতাস—সবকিছু মিলে এখানে তৈরি হয়েছে প্রকৃতির এক অনন্য আবহ। যথাযথ পরিকল্পনা, সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে বাঘমারা পদ্মবিলকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা গেলে শুধু দর্শনার্থীর সংখ্যা বাড়বে না, স্থানীয় অর্থনীতিতেয়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রকৃতির নিজস্ব হাতে আঁকা এই সৌন্দর্য তাই এখন আর শুধু স্থানীয়দের নয়—ধীরে ধীরে তা হয়ে উঠছে সবার আকর্ষণের জায়গা। বর্ষার জলে পদ্মের হাসি আর নৌকার ছন্দে বাঘমারা পদ্মবিল যেন সত্যিই তাড়াশের বুকে এক টুকরো স্বর্গরাজ্য।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন