মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ৩
চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠসংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক প্রকাশ শেখান (৪৫), আবদুল হক (২৪) ও নুরুল ইসলাম জাহেদ (১৬)।
পুলিশ জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোটে ইউরিয়া সারগুলো তোলা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারসহ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে জব্দ করা সার ও কার্গো বোটটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলা ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

