Logo

সারাদেশ

কিশোরগঞ্জে নতুন করে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

কিশোরগঞ্জে নতুন করে   ছড়িয়ে পড়ছে ডেঙ্গু


কিশোরগঞ্জে নতুন করে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মোট ১০৯ জন। সব মিলিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ জনে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য বিবরণীতে এ চিত্র পাওয়া গেছে।তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন ভর্তি রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ২৫ জন ভর্তি আছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এ ছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, হোসেনপুরে ৭, করিমগঞ্জে ৫, তাড়াইলে ৪, কটিয়াদীতে ৪, কুলিয়ারচরে ৩, নিকলীতে ২ এবং পাকুন্দিয়ায় ১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জনসহ চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ১ হাজার ১১৭ জনে পৌঁছেছে। তবে একই সময়ে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন রোগী।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা নিশ্চিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন