Logo

সারাদেশ

শিক্ষকের দেয়া অ্যাসাইনমেন্ট থেকে উদ্যোক্তা কুবির তিন শিক্ষার্থী

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

শিক্ষকের দেয়া অ্যাসাইনমেন্ট থেকে   উদ্যোক্তা কুবির তিন শিক্ষার্থী


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে হাঁটলে চোখে পড়ে নানা ধরনের স্টল। কোথাও পোশাক, কোথাও বই, আবার কোথাও খাবার কিংবা কসমেটিকস। এসবের পাশাপাশি নিজেদের তৈরি পণ্য নিয়ে ব্যবসা করছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এবার একটি কোর্সের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বাস্তব উদ্যোক্তা হয়ে উঠেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন বন্ধু।

মো. ইয়ামিন আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. পারভেজ সরকার তিনজনই মার্কেটিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের উদ্যোগের নাম ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’। একটি একাডেমিক কাজের মধ্য দিয়ে শুরু হলেও বর্তমানে এটি বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ নিয়েছে।

উদ্যোক্তারা জানান, ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্টে নতুন একটি পণ্য নিয়ে কাজ করার সুযোগ আসে। তখন তারা লেদারের জুতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কাজ করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাদের। একপর্যায়ে অ্যাসাইনমেন্টের বিষয়টি ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার চিন্তা করেন তারা।

অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কিছু বাস্তব সমস্যাও পর্যবেক্ষণ করেন। তাদের মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে মানসম্মত লেদারের জুতার পর্যাপ্ত বিক্রয়কেন্দ্র নেই। ফলে প্রয়োজনের সময় শিক্ষার্থীদের শহরে গিয়ে জুতা কিনতে হয়। আবার ভালো মানের জুতা কিনতে গেলে অনেক সময় দাম শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়।

এই বাস্তবতা থেকেই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মানসম্মত জুতা তুলনামূলক সাশ্রয়ী দামে সরবরাহের উদ্যোগ নেন তারা। পাশাপাশি বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে এ খাতে কাজ করার লক্ষ্যও রয়েছে তাদের।

এ বিষয়ে পারভেজ সরকার বলেন, “আমাদের ‘মডেক্স লেদার অ্যান্ড ফুটওয়্যার’-এর শুরুটা কোনো ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে নয়, বরং একটি অ্যাসাইনমেন্টের হাত ধরে। ‘প্রিন্সিপলস অব মার্কেটিং’ কোর্সের ‘নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট’ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজনগুলো পর্যবেক্ষণ করি।”

তিনি বলেন, “ক্যাম্পাস এলাকায় মানসম্মত লেদারের জুতা সহজে পাওয়া যায় না। আবার ভালো ব্র্যান্ডের পণ্য অনেক সময় শিক্ষার্থীদের বাজেটের বাইরে চলে যায়। তাই শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য দেওয়ার চিন্তা থেকেই আমাদের উদ্যোগের শুরু। ভবিষ্যতে এটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।”

একটি কোর্সের অ্যাসাইনমেন্ট থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন তিন বন্ধুর উদ্যোক্তা হওয়ার গল্প। ছোট পরিসরে শুরু হলেও অভিজ্ঞতা ও বাস্তব কাজের মধ্য দিয়ে উদ্যোগটিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন