Logo

সারাদেশ

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের তিন কিলোমিটার সড়কের বেহাল দশা

Icon

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের তিন  কিলোমিটার সড়কের বেহাল দশা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পশ্চিম সহশ্রাম কৈতরীপাড়ার তিন কিলোমিটার সড়কের খানাখন্দে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের হাজারও মানুষ। দীর্ঘদিনের সংস্কারহীন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীরা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম সহশ্রাম ও কৈতরীপাড়া গ্রামের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা।

সহশ্রাম ছাইমুন্নেচ্ছা ফাযিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলে, রাস্তার যে অবস্থা, হেঁটে মাদরাসায় যাওয়াও দায় হয়ে পড়েছে। বৃষ্টির দিনে পোশাক নষ্ট হয়ে যায়, জুতা হাতে নিয়ে কাদাপানি পেরিয়ে যেতে হয়। অনেক সময় রিকশা বা গাড়ি উল্টে সহপাঠীরা আহতও হয়েছে। সড়কটি দ্রুত ঠিক না করলে আমাদের পড়ালেখার চরম ক্ষতি হচ্ছে।

ভোগান্তির কথা জানাতে গিয়ে কৈতরীপাড়া গ্রামের গর্ভবতী নারী মদিনা বেগম বলেন, আমাদের মতো গর্ভবতী আর বয়স্ক রোগীদের জন্য এই রাস্তাটি যেন একটা মৃত্যুর ফাঁদ। কোনো জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে চাইলে গাড়ি আসতে চায় না। ঝাঁকুনিতে পেটের সন্তান নিয়ে ভয়ে থাকতে হয়। গত সপ্তাহেও এক প্রসূতিকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়ই প্রসবের মতো ঘটনা ঘটেছে। আমরা এই কষ্ট থেকে দ্রুত মুক্তি চাই।

এ বিষয়ে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঞা বলেন, এই দুটি গ্রাম দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার। বিগত সময়ে কোনো জনপ্রতিনিধি রাস্তাটির কোনো খোঁজখবর নেননি। এতে করে সড়কটির অবস্থা দিন দিন আরও বেগতিক হয়ে পড়েছে।” তিনি অনতিবিলম্বে রাস্তাটি পুনর্র্নিমাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

একই কথা ব্যক্ত করে সহশ্রাম ধুলদিয়া ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারজুল ইসলাম ভূঁইয়া বলেন, এই দুই এলাকার শিক্ষার্থী, গর্ভবতী মহিলা, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা এই রাস্তাটির জন্য প্রতিদিন অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারে আমরা সর্বাত্মক উদ্যোগ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহরম আলী  বলেন, রাস্তাটির বেহাল দশার কথা আমি অবগত আছি। বিগত দিনে কাঙ্ক্ষিত বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে এলজিইডি অফিসে নতুন প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পাস হলেই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

এ  বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, জনভোগান্তির বিষয়টি আপনার মাধ্যমে আমাদের নজরে এসেছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। রাস্তাটি দ্রুত পরিদর্শনের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হবে। প্রাক্কলন তৈরি করে সড়কটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন