Logo

সারাদেশ

র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:২৫

অ
আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

উদ্ধারকৃত দেশিয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি

সাভারের হেমায়েতপুরে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জল সরদার (২০)।

এসআরবি জানায়, মামলার এজাহার ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার ‘আর. কে এন্টারপ্রাইজ’-এর মালিক মো. রেজাউল করিম (৩৮) ব্যবসায়িক কাজে নিয়মিত বড় অঙ্কের আর্থিক লেনদেন করতেন। এরই অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)-কে ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে টাকা উত্তোলনের জন্য পাঠানো হয়।

ইসরাফিল ব্যাংক থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে একটি প্রাইভেটকারে র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় তাকে অনুসরণ করতে থাকে।

ইসরাফিল রাস্তার পাশে পৌঁছালে আসামিরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে আসামিরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেয়। পরে তার কাছ থেকে ২৬ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

এসআরবি জানায়, ঘটনার পরপরই তাদের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৪ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন